যারা বিএনপিকে ১০ দিনও ক্ষমতায় থাকতে না দেওয়ার হুমকি দিয়েছিলেন, তারাই আজ দেশ ছেড়ে পালিয়েছেন বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন।
শনিবার (২৯ আগস্ট) সকালে দিনাজপুরের হাকিমপুর উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠন আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, বিএনপির শিকড় জনগণের গভীরে। তাই কোনো ধরনের ধাক্কা বা ষড়যন্ত্র করে এই দলকে সরিয়ে দেওয়া সম্ভব নয়।
তিনি বলেন, বিএনপি কখনো দেশ ছেড়ে পালায়নি কিংবা কারও কাছে আত্মসমর্পণ করেনি। দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াও কখনো জনগণকে একা ফেলে যাননি।
রাজনৈতিক প্রতিপক্ষকে অহেতুক বিশৃঙ্খলা সৃষ্টি না করে গণতান্ত্রিক ভাষায় কথা বলার আহ্বান জানিয়ে জাহিদ হোসেন বলেন, জনগণের সঙ্গে নিয়ে বিএনপি যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত রয়েছে।
তিনি আরও বলেন, যারা বিএনপিকে ভয় দেখানোর বা চোখ রাঙানোর চেষ্টা করছেন, তাদের জনগণের কাছে আসা উচিত। জনগণ যাদের দায়িত্ব দেবে, তারাই দায়িত্ব পালন করবে।
মতবিনিময় সভায় দিনাজপুর জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।