
রংপুরে একই পরিবারের চার সদস্যকে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রকৃত আসামিদের গ্রেপ্তারের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।
বুধবার (২৬ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন থেকে এ আল্টিমেটাম দেন সংগঠনটির নেতারা। দাবি পূরণ না হলে আগামী শুক্রবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা।
হিন্দু মহাজোটের অভিযোগ, রংপুরের হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা আড়াল করার চেষ্টা করছে পুলিশ। একই সঙ্গে দেশে হিন্দু-মুসলিম নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন বক্তারা।
তারা আরও অভিযোগ করেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে এবং এসব হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা জরুরি।
এদিকে রংপুরের হত্যাকাণ্ডে যৌক্তিক সময়ের মধ্যেই আসামিদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অল্প সময়ে এর চেয়ে বেশি আশা করা ঠিক হবে না।
এর আগে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী, মেয়ে ও ছেলেকে হত্যার ঘটনায় একই এলাকা থেকে মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাস নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন তারা।