
ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় পারানা অঙ্গরাজ্যে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১৯ আগস্ট) ভোর সাড়ে ৩টার দিকে মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, দ্রুতগতির ট্রাকটি হঠাৎ বিপরীত লেনে ঢুকে পড়লে বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের অধিকাংশ যাত্রী ঘটনাস্থলেই মারা যান। ট্রাকচালকও নিহত হয়েছেন।
বাসটি ইম্বিতুভা পৌর স্বাস্থ্য বিভাগের মালিকানাধীন ছিল। উন্নত চিকিৎসার জন্য রোগীদের নিয়ে পারানা রাজ্যের রাজধানী কুরিতিবার বিভিন্ন হাসপাতালে যাওয়ার সময় এটি দুর্ঘটনার কবলে পড়ে।
দুর্ঘটনার পর মহাসড়কটিতে যান চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে। এ ঘটনায় ইম্বিতুভা শহরে দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।