মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনকে ঘিরে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারিত কিছু তথ্যকে ‘মিথ্যা’ বলে দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) এক্সে দেওয়া এক বিবৃতিতে সেন্টকম জানায়, রণতরীটিতে মারামারিতে ৭ নাবিক নিহত হওয়া কিংবা আত্মহত্যার প্রবণতা বেড়েছে—এমন দাবির কোনো সত্যতা নেই।
সেন্টকমের তথ্য অনুযায়ী, ইউএসএস আব্রাহাম লিংকনে নাবিকদের পুনরায় দায়িত্বে যোগদানের হার ৮৪.৪ শতাংশ, যা মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরীগুলোর মধ্যে অন্যতম সর্বোচ্চ।
মার্কিন সামরিক কমান্ড আরও জানায়, ২৬০ দিনের বেশি সময় সমুদ্রে অবস্থান, ১০ হাজারের বেশি বিমান উড্ডয়ন এবং ১৫ লাখ পাউন্ড যুদ্ধাস্ত্র ব্যবহারের পরও রণতরীটির নাবিক ও মেরিনরা সফলভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
সেন্টকমের দাবি, রণতরীটিতে কোনো সেনাসদস্যের মৃত্যু হয়নি। তবে গত ৩ আগস্ট সমুদ্রে পড়ে যাওয়া এক নাবিককে দ্রুত উদ্ধার করা হয়েছিল।
ভুল তথ্য প্রচারকে মার্কিন সামরিক সদস্য ও তাদের পরিবারের প্রতি অন্যায় বলেও উল্লেখ করেছে সেন্টকম।