
বর্তমান বিরোধীদলীয় নেতাদের বক্তব্যের ভাষা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভাষার কথা মনে করিয়ে দিচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘বিরোধী দলের নেতারা এখন যে ভাষায় কথা বলছেন— “৫ বছর ক্ষমতায় থাকতে দেবো না”, ঠিক একই ভাষায় আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাও কথা বলতেন। ১৯৯১ সালেও আওয়ামী লীগ বলেছিল যে, তারা সরকারকে এক মুহূর্ত শান্তিতে থাকতে দেবে না। বর্তমান বিরোধীদলীয় নেতারাও অবিকল সেই একই পথ অনুসরণ করছেন।’
জুলাই সনদের বাস্তবায়ন ও গণভোট বিতর্ক: বিএনপি জুলাই সনদের বাস্তবায়ন চায় না বলে ছড়ানো অভিযোগ অস্বীকার করে মির্জা ফখরুল বলেন, এটি নিয়ে ভুল বোঝানো হচ্ছে। স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি অংশ বিএনপি অক্ষরে অক্ষরে পালন করবে। তবে গণভোটের একটি প্রশ্ন ঐকমত্য কমিশন চাপিয়ে দিয়ে জাতির সঙ্গে প্রতারণা করেছে উল্লেখ করে তিনি জানান, বিএনপি যেখানে দ্বিমত পোষণ করেছে তা স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।
সহিংসতা এড়িয়ে আলোচনার আহ্বান: রাজপথে আন্দোলন বিরোধীদলের রাজনৈতিক অধিকার হলেও বক্তব্য ও কর্মসূচি যেন কোনোভাবেই সংঘাতের দিকে না যায়, সে বিষয়ে তিনি সতর্ক করেন। সংসদকে আলোচনার কেন্দ্রবিন্দু করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘সংশোধন কমিটি’ হবে নাকি ‘সংস্কার পরিষদ’—সেটি সংসদে আলোচনার মাধ্যমেই নির্ধারণ করা উচিত। বিভিন্ন সহিংসতার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে বলেও তিনি জানান।
তথ্যমন্ত্রীর বক্তব্য:
একই আলোচনা সভায় উপস্থিত থেকে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, ‘রাজনীতিকে কৃত্রিম উপায়ে সংসদের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা চালানো হচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়। গণতান্ত্রিক সংস্কৃতির ধারা বজায় রাখতে বিএনপি সব দলের সহযোগিতা কামনা করে। কার্যকর সংসদ এবং সুস্থ গণতান্ত্রিক চর্চার মাধ্যমেই জুলাই অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ স্বার্থক হবে।’