
রাজধানীর মিরপুর-২ নম্বরে মিরপুর কলেজের পেছনের সীমানা প্রাচীর ধসে পড়ে দুইজন নিহত এবং অন্তত ৭ জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে লাভ রোড ও মন্দির রোড সংলগ্ন এলাকায় টিসিবির পণ্য কেনার দীর্ঘ লাইনে দাঁড়ানো অবস্থায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাধারণ মানুষ যখন সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে টিসিবির পণ্য সংগ্রহ করছিলেন, তখন হঠাৎ করেই জরাজীর্ণ দেয়ালটি ধসে পড়ে এবং বেশ কয়েকজন পুরুষ ও নারী নিচে চাপা পড়েন।
স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে উদ্ধারকাজে হাত দেন এবং পরবর্তীতে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। মারাত্মক আহত অবস্থায় নাছিমা বেগম নামের এক নারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত নাছিমা বেগম স্থানীয় জনতা হাউজিং এলাকার বাসিন্দা ছিলেন। মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দেয়াল ধসের এই মর্মান্তিক দুর্ঘটনায় একজনের প্রাণহানি ঘটেছে এবং ঘটনার পেছনের সুনির্দিষ্ট কারণ খতিয়ে দেখা হচ্ছে।