মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছয় নবজাতকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় বাতিল করা লাইসেন্স পুনর্বহাল করেছে সরকার। লাইসেন্স বাতিলের প্রায় দেড় মাস পর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় তিনটি সুনির্দিষ্ট শর্ত সাপেক্ষে হাসপাতালটিকে পুনরায় চিকিৎসাসেবা ও কার্যক্রম পরিচালনার অনুমতি দিয়েছে।
সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হলে আদ্-দ্বীন কর্তৃপক্ষ সিদ্ধান্তটি পুনর্বিবেচনার জন্য সরকারের কাছে আপিল করে। আপিলের ভিত্তিতে গঠিত উচ্চপর্যায়ের তদন্ত কমিটিকে গত ১৫ জুলাই সরেজমিন পরিদর্শন করে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ দেওয়া হয়। তদন্ত দলের সরেজমিন পরিদর্শন ও সার্বিক মূল্যায়নে পরিস্থিতি সন্তোষজনক প্রমাণিত হওয়ায় লাইসেন্স বাতিলের পূর্ববর্তী আদেশটি প্রত্যাহার করে নেয় সরকার।
সরকারের তিন শর্ত:
১. আইন ও নীতিমালা মানা: 'দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২'-এর সমস্ত আইনি বিধান ও নীতিমালা কঠোরভাবে মেনে চলতে হবে।
২. পর্যাপ্ত জনবল নিয়োগ: লাইসেন্সের শর্ত পূরণ সাপেক্ষে হাসপাতালে প্রয়োজনীয় সংখ্যক ডিউটি ডাক্তার ও দক্ষ নার্স নিয়োগের প্রক্রিয়া দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে।
৩. ভবিষ্যৎ আইনি ব্যবস্থা: ভবিষ্যতে লাইসেন্স বা স্বাস্থ্যসেবার কোনো শর্ত লঙ্ঘিত হলে সরকারের ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে আইনি পদক্ষেপ গ্রহণ করবে।