
বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের পদ থেকে মো. সাহাবুদ্দিনের সরে দাঁড়ানোর সম্ভাবনা নিয়ে গুঞ্জন আরও জোরালো রূপ নিয়েছে। রাষ্ট্রপতির পদত্যাগের প্রস্তুতির খবর ও সার্বিক রাজনৈতিক পরিস্থিতির মাঝে থাইল্যান্ডে নিজের ব্যক্তিগত সফর সংক্ষিপ্ত করে আজ শুক্রবার (২৪ জুলাই) দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
বঙ্গভবনের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগের প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে। স্পিকার সময় দিলেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদত্যাগ ও পরবর্তী কার্যক্রম:
ইস্তফাপত্র জমা: সংবিধানের নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতিকে স্পিকারের উদ্দেশ্যে নিজ স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র জমা দিতে হবে।
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি: সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।
নতুন নির্বাচন: সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে সংসদ সদস্যদের ভোটের মাধ্যমে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করতে হয়। বর্তমানে সংসদে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপি রাষ্ট্রপতি পদে তাদের প্রার্থী মনোনীত করবে।
এদিকে আজ সোয়া ১২টার দিকে দেশে ফেরার পর বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানান, তার মেডিকেল চেকআপ শেষ হওয়ায় তিনি পূর্বনির্ধারিত সময়ের আগেই ফিরে এসেছেন। দেশের বাইরে থাকায় রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে তিনি আনুষ্ঠানিকভাবে কিছু শুনেননি। তবে তিনি স্মরণ করিয়ে দেন, রাষ্ট্রপতি পদত্যাগ করলে সংবিধান অনুযায়ী স্পিকারই দায়িত্ব পালন করবেন।
অন্যদিকে, রাষ্ট্রপতি ইস্যুতে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাজধানীতে আয়োজিত বেঙ্গল ডেল্টা কনফারেন্সে অংশ নিয়ে তিনি বলেন, "আমরা গুজবে বিশ্বাস করি না। শুধুমাত্র পত্রপত্রিকা পড়ে সব রাজনৈতিক মন্তব্য করা যায় না।"
উল্লেখ্য, ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন মো. সাহাবুদ্দিন। ২০২৪ সালের ৫ আগস্ট পটপরিবর্তনের পর তিনি বর্তমান সরকারের শপথ পরিচালনা করেন। সংবিধান অনুযায়ী তার স্বাভাবিক মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত ছিল।