বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, বিদ্যুৎ বিতরণে সম্পৃক্ত ছয়টি কোম্পানিকে বেসরকারি খাতে ছেড়ে দিতে চায় সরকার। এ বিষয়ে নীতিগতভাবে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২২ জুলাই) ঢাকায় অনুষ্ঠিত ‘এনার্জি সিকিউরিটি অ্যান্ড ট্রান্সফরমেশন অব বাংলাদেশ’ শীর্ষক সম্মেলনে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, অর্থ মন্ত্রণালয়েরও সীমাবদ্ধতা রয়েছে। সরকার বেশি দামে বিদ্যুৎ কিনলেও কম দামে বিক্রি করছে। এছাড়া আগের সরকারের রেখে যাওয়া ৬৭ হাজার কোটি টাকার বকেয়া বিদ্যুৎ বিল রাষ্ট্রীয় কোষাগারের ওপর বড় চাপ সৃষ্টি করেছে।
তিনি জানান, এ বকেয়া পরিশোধের উপায় খুঁজতে অর্থ মন্ত্রণালয়ে একটি কমিটি কাজ করছে। তারা চলমান বিদ্যুৎ বিলের পাশাপাশি বকেয়া পরিশোধের বিষয়টিও পর্যালোচনা করছে।
ইকবাল হাসান মাহমুদ বলেন, সরকার পরিস্থিতি আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে মোকাবিলা করছে। বিদ্যুৎ উৎপাদন সরকার পাইকারিভাবে করতে পারে, তবে গ্রাহক পর্যায়ে বিতরণ কার্যক্রম বেসরকারি খাত পরিচালনা করলে সেবার মান, স্বচ্ছতা ও বিল আদায় আরও কার্যকর হবে বলে সরকারের পরিকল্পনা রয়েছে।