বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট শিল্পপতি ও যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম বাবুলের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কর্মজীবন, সততা ও দেশগঠনে অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন সহকর্মী, সাংবাদিক ও পরিবারের সদস্যরা।
১৯৪৬ সালের ৩ মে ঢাকার নবাবগঞ্জে জন্ম নেওয়া নুরুল ইসলাম বাবুল ২০২০ সালের ১৩ জুলাই মৃত্যুবরণ করেন। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে যমুনা টেলিভিশনের আয়োজিত এক স্মরণসভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করার পর তিনি অর্থনৈতিক মুক্তির সংগ্রামে আত্মনিয়োগ করেন। ত্যাগ, শ্রম, সততা ও নিষ্ঠার মাধ্যমে মাত্র ৩৯ বছরের কর্মজীবনে ৪১টি শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলেন তিনি।
স্মরণসভায় বক্তারা বলেন, নুরুল ইসলাম বাবুল দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে ছিলেন আপসহীন। বহু শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুললেও তিনি কখনো ঋণখেলাপি হননি। সাধারণ মানুষের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার মধ্য দিয়েই দেশের উন্নয়ন সম্ভব—এ বিশ্বাস ধারণ করতেন তিনি।
দৈনিক যুগান্তরের যুগ্ম সম্পাদক বি এম জাহাঙ্গীর বলেন, করোনাকালে হাসপাতালে ভর্তি অবস্থায়ও নুরুল ইসলাম বাবুল প্রতিষ্ঠানের কর্মীদের বেতন হয়েছে কি না, সেই খোঁজ নিয়েছিলেন।
যুগান্তরের নির্বাহী সম্পাদক এনাম আবেদীন বলেন, তার দেখা সাহসী মানুষের মধ্যে নুরুল ইসলাম বাবুল অন্যতম ছিলেন।
যমুনা টেলিভিশনের বার্তা প্রধান তৌহিদুল ইসলাম বলেন, নুরুল ইসলাম বাবুল সততা ও আদর্শের যে শিক্ষা দিয়ে গেছেন, তা অনুসরণ করাই হবে তার প্রতি প্রকৃত শ্রদ্ধা।
দৈনিক যুগান্তরের সাবেক সম্পাদক সাইফুল আলম বলেন, কর্মজীবনের পাশাপাশি তিনি পরিবারেও ছিলেন একজন দায়িত্বশীল স্বামী, পিতা ও অভিভাবক।
যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদার বলেন, প্রতিকূল সময়েও তিনি ক্ষমতাসীনদের সামনে আপসহীন অবস্থান নিয়েছিলেন এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষায় দৃঢ় ছিলেন।
যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফাহিম আহমেদ বলেন, নুরুল ইসলাম বাবুল যমুনা টেলিভিশনকে বিশ্বমানের সংবাদমাধ্যম হিসেবে দেখতে চেয়েছিলেন এবং সেই লক্ষ্যেই প্রতিষ্ঠানটি এগিয়ে যাচ্ছে।
যমুনা গ্রুপের চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম বলেন, নুরুল ইসলাম বাবুলের আত্মবিশ্বাস, মেধা ও কঠোর পরিশ্রমই তাকে সফলতার শিখরে পৌঁছে দিয়েছিল। তিনি কখনো অন্যের ওপর নির্ভর করে এগিয়ে যাননি।
এর আগে সকালে বনানীতে নুরুল ইসলাম বাবুলের কবর জিয়ারত ও দোয়া মাহফিলে পরিবারের সদস্যদের পাশাপাশি যমুনা গ্রুপ, যমুনা টেলিভিশন ও দৈনিক যুগান্তরের কর্মকর্তারা অংশ নেন।