তুরস্কের কাছে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির সম্ভাব্য সিদ্ধান্তের প্রকাশ্য বিরোধিতা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার দাবি, তুরস্কের সামরিক সক্ষমতা আরও বৃদ্ধি পেলে মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্য নষ্ট হতে পারে এবং ইসরায়েলের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়বে।
মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া একাধিক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ইরানের প্রভাব কমে আসার পর তুরস্ক অঞ্চলটির অন্যতম প্রধান শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। তিনি অভিযোগ করেন, প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের নেতৃত্বাধীন তুরস্কের আঞ্চলিক উচ্চাকাঙ্ক্ষা রয়েছে এবং দেশটি মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতার পক্ষে কাজ করছে না।
নেতানিয়াহুর ভাষ্য, তুরস্কের হাতে এফ-৩৫ যুদ্ধবিমান গেলে মধ্যপ্রাচ্যের সামরিক শক্তির ভারসাম্যে বড় পরিবর্তন আসতে পারে। তিনি বলেন, আকাশপথে ইসরায়েলের কৌশলগত শ্রেষ্ঠত্ব বজায় রাখা দেশটির জাতীয় নিরাপত্তার অন্যতম প্রধান ভিত্তি।
অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি প্রেসিডেন্ট এরদোয়ানকে ‘অসাধারণ নেতা’ হিসেবে উল্লেখ করে বলেন, তুরস্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ইতিবাচক রয়েছে। তবে তিনি স্পষ্ট করেন, তুরস্কের কাছে এফ-৩৫ বিক্রির বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
প্রতিবেদন অনুযায়ী, সম্ভাব্য এই সিদ্ধান্ত ঠেকাতে নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রশাসন ও কংগ্রেসে কূটনৈতিক তৎপরতা জোরদার করার চেষ্টা করছেন।
বিশ্লেষকদের মতে, ইরানের প্রভাব কমে যাওয়ার পর সৃষ্ট কৌশলগত শূন্যতায় তুরস্কের সক্রিয় ভূমিকা নেওয়ার সম্ভাবনাই ইসরায়েলের উদ্বেগের অন্যতম কারণ। সিরিয়ায় তুরস্কের সামরিক উপস্থিতি, দেশটির প্রতিরক্ষা শিল্পের সম্প্রসারণ এবং গাজা ইস্যুতে প্রভাব বৃদ্ধির প্রচেষ্টাকেও ইসরায়েল গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে।
এদিকে, তুরস্কের কাছে এফ-৩৫ বিক্রির বিরোধিতায় ইসরায়েল একা নয়। গ্রিস, সাইপ্রাস এবং যুক্তরাষ্ট্রের কয়েকটি আর্মেনীয়-আমেরিকান সংগঠনও দীর্ঘদিন ধরে তুরস্কের সামরিক সক্ষমতা বৃদ্ধির বিপক্ষে অবস্থান নিয়ে আসছে।
উল্লেখ্য, রাশিয়ার তৈরি এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার কারণে যুক্তরাষ্ট্র আগেই তুরস্ককে এফ-৩৫ কর্মসূচি থেকে বাদ দিয়েছিল। তবে সম্প্রতি সম্ভাব্য বিক্রির বিষয়টি নিয়ে ওয়াশিংটনে নতুন করে আলোচনা শুরু হওয়ায় বিষয়টি আবারও আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় এসেছে।