সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের দ্বিতীয় দিনের শুনানি চলছে। মঙ্গলবার (৭ জুলাই) আপিল শুনানিতে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের আইনজীবী বলেন, পঞ্চদশ সংশোধনী ছিল একটি প্রতারণা এবং এটি পুরোপুরি বাতিল করা উচিত।
এর আগে ২০২৫ সালের ডিসেম্বরে তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চে টানা কয়েকদিন এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। সে সময় সর্বোচ্চ আদালত জানিয়েছিলেন, নির্বাচনের আগে অতীতের মতো পঞ্চদশ সংশোধনী নিয়ে কোনো প্রশ্নবিদ্ধ রায় দিতে চান না।
এর আগে পৃথক দুটি রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে ২০২৪ সালের ১৭ ডিসেম্বর হাইকোর্ট পঞ্চদশ সংশোধনীর কিছু অংশকে অসাংবিধানিক ঘোষণা করে তা বাতিল করেন। ওই রায়ের ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের পথ উন্মুক্ত হলেও কিছু সাংবিধানিক জটিলতা রয়ে যায়।
পরে হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে পৃথক তিনটি আপিল দায়ের করা হয়। সেই আপিলগুলোর ওপর বর্তমানে শুনানি চলছে।