রাজধানীতে হানিট্র্যাপ বা প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল এবং অর্থ আদায়ের অভিযোগে সংঘবদ্ধ একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি ওয়াকিটকি, কয়েকটি মোবাইল ফোন এবং নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ এ তথ্য জানায়।
ডিবি জানায়, চক্রটির এক নারী সদস্য একটি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানের এক কর্মকর্তার সঙ্গে পরিচয়ের মাধ্যমে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। পরে কৌশলে তাকে রাজধানীর খিলগাঁও এলাকার একটি ফ্ল্যাটে নিয়ে মারধর করা হয় এবং আপত্তিকর ভিডিও ধারণ করা হয়। এরপর ভুক্তভোগীর মোবাইল ফোন, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও এটিএম কার্ড ছিনিয়ে নিয়ে ৩ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। একই সঙ্গে বিকাশ ও উপায়ের মাধ্যমে তার ব্যাংক হিসাব থেকে ১ লাখ ১০ হাজার টাকা আত্মসাৎ করা হয়।
এ ঘটনায় গত ২২ জুন খিলগাঁও থানায় মামলা দায়েরের পর ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের সদস্যরা রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ চক্রটির পাঁচ সদস্যকে গ্রেফতার করে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। মামলার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তি এবং সম্ভাব্য আরও ভুক্তভোগী শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।