শিক্ষার্থীরা ডিসেম্বরে চূড়ান্ত পরীক্ষা দেওয়ার সময়ই তাদের হাতে নতুন শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আগামী ৩০ নভেম্বরের মধ্যে সব পাঠ্যপুস্তক প্রস্তুত রাখতে হবে।
সোমবার (৬ জুলাই) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে পাঠ্যপুস্তক প্রকাশ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, নতুন বছরের শুরু থেকেই যেন শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়া যায়, সে লক্ষ্যেই সরকার আগাম প্রস্তুতি নিচ্ছে। ছাপাখানার সক্ষমতা ও সম্ভাব্য চ্যালেঞ্জ বিবেচনায় রেখে টেন্ডার প্রক্রিয়া ইতোমধ্যে চলমান রয়েছে। আগস্টের শুরুতেই বই ছাপার কার্যাদেশ দেওয়া হবে, যাতে দ্রুত মুদ্রণকাজ শুরু করা সম্ভব হয়।
শিক্ষামন্ত্রী আরও জানান, জাতীয় শিক্ষাক্রমে কিছু পরিমার্জন আনা হচ্ছে। বিভিন্ন শ্রেণিতে নতুন করে চারটি বই যুক্ত করা হবে। এছাড়া ভাষা শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগ একটি বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে এখনো নিয়োগ কার্যক্রম শুরু হয়নি। আগামী বছর থেকে ভাষা শিক্ষা বিষয়ের শিক্ষক নিয়োগ কার্যক্রম শুরু হবে।