সরকারি অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে সরকার। এ বিষয়ে রোববার (৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি পরিপত্র জারি করা হয়েছে।
পরিপত্রে বলা হয়েছে, সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড প্রস্তুতের ক্ষেত্রে অনুষ্ঠানের বিষয়বস্তুকেই সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। পাশাপাশি প্রয়োজনীয় ও সামঞ্জস্যপূর্ণ তথ্য উপস্থাপনের মাধ্যমে এমন নকশা তৈরি করতে হবে, যাতে অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা ও মূল বিষয়বস্তু সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়।
মন্ত্রিপরিষদ বিভাগ আরও জানিয়েছে, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এ নির্দেশনা অনতিবিলম্বে কার্যকর হবে এবং সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থাকে তা যথাযথভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।