দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার ধারাবাহিক প্রচেষ্টার ফলে বাংলাদেশ এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার (৪ জুলাই) ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণার পর প্রথমবার নিজ শহর চট্টগ্রাম সফরকালে তিনি এ মন্তব্য করেন।
অর্থমন্ত্রী বলেন, দেশি ও বিদেশি বিনিয়োগ যেভাবে বাড়ছে, তাতে দেশের অর্থনীতি দ্রুত সম্প্রসারিত হচ্ছে। তিনি জানান, চট্টগ্রামে সম্ভাবনাময় খাতের সংখ্যা অনেক বেশি এবং ভবিষ্যতে এ নগরী দেশের অর্থনৈতিক লজিস্টিক হাবে পরিণত হবে। এবারের বাজেটেও সেই সম্ভাবনার প্রতিফলন ঘটেছে।
তিনি আরও বলেন, চট্টগ্রামের আনোয়ারা এলাকায় প্রায় ৬০০ একর জমির ওপর একটি ফ্রি ট্রেড জোন প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে, যা দেশের বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রসঙ্গত, গত এপ্রিলে সংসদে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানিয়েছিলেন, বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা। এ লক্ষ্য বাস্তবায়নে বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক গণতন্ত্রায়ণ, সৃজনশীল অর্থনীতি এবং ক্রীড়া অর্থনীতিকে গুরুত্ব দিয়ে সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।