স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আওয়ামী লীগের রাজনৈতিক পতন, নিপাত ও নির্মূল হয়েছে এবং তাদের রাজনৈতিক দাফন হয়েছে দিল্লিতে। তিনি দাবি করেন, দলটি আর কোনোদিন বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবি উত্থাপিত হয়েছে এবং এ বিষয়ে তদন্ত চলছে। খুব শিগগিরই তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে এবং আইন অনুযায়ী বিচার নিশ্চিত করা হবে।
শনিবার (৪ জুলাই) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত জুলাই জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই অভ্যুত্থানে গণহত্যা চালানোর পরও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো অনুশোচনা নেই। তাদের মধ্যে দোষ স্বীকারের মানসিকতাও নেই। বরং তারা জুলাইয়ের আন্দোলনকারীদের অপরাধী এবং অভ্যুত্থানকে ‘জঙ্গি অভ্যুত্থান’ হিসেবে আখ্যায়িত করছে। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতারা বিদেশে অবস্থান করে বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।
জুলাইয়ের চেতনা নিয়ে রাজনৈতিক ফায়দা না তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগে যারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলতেন, তারা এখন দিল্লিতে অবস্থান করছেন। তাই চেতনা নিয়ে রাজনীতি করলে তার পরিণতিও ভালো হবে না।
জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্দোলনের সময় তিনি এবং তারেক রহমান নির্বাসিত ছিলেন। তাদের অনুপস্থিতিই আন্দোলনের সফলতার একটি কারণ ছিল বলে তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, সে সময় ২৪ ঘণ্টা সমন্বয়ের মাধ্যমে বিএনপির নেতাকর্মীদের সংগঠিত রেখে জুলাইয়ের আন্দোলনকে এগিয়ে নেওয়া হয়েছিল।