কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক ও ওয়ারেন্টভুক্ত আসামি মাস্টার শুক্কুর আলমকে (৩৮) গ্রেপ্তার করেছে র্যাব-১৫।
শুক্রবার (৩ জুলাই) র্যাব-১৫ জানায়, গোপন তথ্য ও আধুনিক প্রযুক্তির সহায়তায় গত ২ জুলাই রাত ৮টা ৪০ মিনিটে উখিয়া থানাধীন রোহিঙ্গা ক্যাম্প-১ ইস্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাস্টার শুক্কুর আলম উখিয়া থানার একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে র্যাব।
র্যাবের দাবি, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে পরিকল্পিত অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-১৫।