রোগীদের প্রতি চিকিৎসকদের নৈতিক দায়িত্ব, ভালো ব্যবহার এবং জবাবদিহিতা নিশ্চিত না হলে সরকারের কোনো উদ্যোগ বা হাজার কোটি টাকার বাজেটও জনগণের প্রকৃত উপকারে আসবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বুধবার (১ জুলাই) বাংলাদেশ সোসাইটি অব ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন (বিএসসিসিএম) আয়োজিত জাতীয় সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আল্লাহর পর মানুষ সবচেয়ে বেশি ভরসা করে চিকিৎসকদের ওপর। তাই চিকিৎসকদের নৈতিকতা, পেশাদারিত্ব, জবাবদিহিতা এবং রোগীদের সঙ্গে মানবিক আচরণ নিশ্চিত করতে হবে।
তিনি জানান, চিকিৎসকদের নিরাপত্তা জোরদারে আগামী মাস থেকে জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালগুলোতে অস্ত্রসহ ১০ জন করে আনসার সদস্য নিয়োগ দেওয়া হবে। এছাড়া থানা পর্যায়ে কর্মরত চিকিৎসকদের জন্য এবারের বাজেটে অতিরিক্ত ভাতার ব্যবস্থা রাখা হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দেশের বিভিন্ন জেলায় আইসিইউ শয্যার সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি স্বাস্থ্যসেবার মান উন্নয়নে চীনের সহযোগিতায় বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের কাজও এগিয়ে চলছে।