কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পানিতে ডুবে মো. সত্যুজিব (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে উপজেলার দুলালপুর ইউনিয়নের বেজুরা পশ্চিমপাড়া শ্মশানখলা খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সজিব উপজেলার দুলালপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের পূর্ব উত্তরপাড়া এলাকার ওজাকাজীর বাড়ির বাসিন্দা মো. শরীফ মিয়ার ছেলে।
স্থানীয়দের বরাতে জানা যায়, মঙ্গলবার সকালে সজিবের বাবা-মা বাড়িতে না থাকায় সে ফুফুর বাড়িতে ছিল। সকাল আনুমানিক ৯টার দিকে বাড়ি থেকে বের হয়ে বাঁশের সাঁকো পার হওয়ার সময় পা পিছলে খালে পড়ে যায়। পরে খালের পানিতে সজিবের একটি জুতা ভাসতে দেখে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করলেও তাকে উদ্ধার করতে পারেননি।
খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে বুড়িচং ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। প্রায় এক ঘণ্টার চেষ্টার পর দুপুর ১টার দিকে সাঁকো থেকে প্রায় ৫০ গজ দূরে খালের পানির নিচ থেকে সজিবের মরদেহ উদ্ধার করা হয়।
পরে স্থানীয় ইউপি সদস্যের উপস্থিতিতে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।