এবারের বাজেটকে ‘জীবনবান্ধব বাজেট’ নামকরণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী Tarique Rahman। তিনি বলেছেন, বিভিন্ন পণ্যে শুল্ক প্রত্যাহারের কারণে বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়েনি। সরকার কোনো সংকটকে অজুহাত না বানিয়ে সফলভাবে তা মোকাবিলা করতে চায়।
সোমবার (২৯ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, সংসদের সময় অত্যন্ত মূল্যবান। দেশের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা শেষে এখন উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার সময় এসেছে। দেশের মানুষও সংসদে ভবিষ্যৎমুখী আলোচনা দেখতে চায়।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যের সংকটের কারণে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় অর্থনীতি চাপে রয়েছে। তবে সরকার অর্থনীতিকে সুবিধাভোগী গোষ্ঠীর প্রভাবমুক্ত করে সাধারণ মানুষের কল্যাণে কাজে লাগাতে চায়। একই সঙ্গে অর্থনীতিতে শৃঙ্খলা ফিরিয়ে এনে প্রকল্পের ব্যয়ের পরিবর্তে মানুষের জীবনে তার বাস্তব প্রভাবকে গুরুত্ব দেওয়া হবে।
প্রধানমন্ত্রী জানান, দরিদ্র জনগোষ্ঠীকে স্বস্তি দিতে উৎপাদনমুখী বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে নতুন শিল্প স্থাপনে উদ্যোগ নেওয়া হচ্ছে। ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ, প্রবাসীদের জন্য বিশেষ কার্ড চালু, শিক্ষা ও ক্রীড়া খাতে নতুন উদ্যোগ এবং কৃতি ক্রীড়াবিদদের ভাতার আওতায় আনার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
স্বাস্থ্য খাতে রেকর্ড বরাদ্দের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ডায়ালাইসিস ফিল্টার, হার্টের স্টেন্ট, ক্যান্সারের ওষুধসহ গুরুত্বপূর্ণ চিকিৎসাসামগ্রীর ওপর ভ্যাট ও কর কমানোর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি আগামী দুই অর্থবছরে করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা করার জন্য অর্থমন্ত্রীকে অনুরোধ করেছেন এবং সম্পত্তি নিবন্ধনে টিন সার্টিফিকেট বাধ্যতামূলক করার প্রস্তাব প্রত্যাহারেরও সুপারিশ করেছেন।
তিনি আরও জানান, সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ প্রকল্প বাস্তবায়ন করবে। আগামী পাঁচ বছরে শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির ৫ শতাংশে উন্নীত করার পাশাপাশি কর্মমুখী শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হবে। এছাড়া শিক্ষাক্রমে তৃতীয় ভাষা হিসেবে ম্যান্ডারিন, জাপানিজ ও ফ্রেঞ্চ ভাষা অন্তর্ভুক্ত করার পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী।