আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :
খুলনার আশিক গ্রুপের সক্রিয় সদস্য এবং লবণচরা থানার চাঞ্চল্যকর রফিক গাজী হত্যা মামলার তদন্তে প্রাপ্ত দুই সন্দিগ্ধ আসামি ইমন শরীফ (২৭) ও সজল খান (২৫)-কে গ্রেফতার করেছে র্যাব-৬।
র্যাব-৬ সূত্রে জানা যায়, সোমবার (২৯ জুন) সন্ধ্যা ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলার ফকিরহাট থানাধীন কাটাখালী মোড় সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে খুলনার আশিক গ্রুপের সক্রিয় সদস্য ইমন শরীফ ও সজল খানকে গ্রেফতার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত রফিক গাজী (৪০) খুলনার লবণচরা এলাকার বাসিন্দা এবং পেশায় একজন পরিবহন ব্যবসায়ী ছিলেন। গত ১২ জুন সকাল আনুমানিক ১১:২০টায় স্ত্রী ও সন্তানকে সঙ্গে নিয়ে লবণচরা থানাধীন মাথাভাঙা এলাকার রায়পাড়ায় একটি চায়ের দোকানের সামনে পৌঁছালে হেলমেট পরিহিত অজ্ঞাত দুর্বৃত্তরা তার পথরোধ করে পিস্তল দিয়ে গুলি করে মোটরসাইকেলে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন দুপুর ১:৩০টায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের স্ত্রী রিনা বেগম বাদী হয়ে লবণচরা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তের ধারাবাহিকতায় র্যাব-৬ অভিযান চালিয়ে দুই সন্দিগ্ধ আসামিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের খুলনার লবণচরা থানায় হস্তান্তর করা হয়েছে।