আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :
রাজধানীর রামপুরা এলাকায় কর্তব্যরত ট্রাফিক পুলিশের সঙ্গে অসদাচরণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক-মতিঝিল বিভাগের রামপুরা ট্রাফিক জোন।
ট্রাফিক-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, শনিবার (২৮ জুন) সকাল আনুমানিক ১১:১৫টায় রামপুরা থানাধীন বনশ্রী বি-ব্লকের আবেশ হোটেলের সামনে দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক সার্জেন্ট মোজাম্মেল হক। এ সময় সড়কে অবৈধভাবে পার্কিং করে রাখা একটি পিকআপের বিরুদ্ধে ভিডিও মামলা দেওয়ার উদ্দেশ্যে তিনি ভিডিও ধারণ করেন।
এ সময় পিকআপটির চালক কর্তব্যরত সার্জেন্টের পথরোধ করে তার ভিডিও ধারণ করেন এবং সার্জেন্ট ঘটনাস্থল ত্যাগ করার সময় বাংলাদেশ পুলিশ সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন, যা পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করে। পরে তিনি তার পরিচালিত "রোড স্কোপ ঢাকা" নামের ফেসবুক পেজে ঘটনাটি নিয়ে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্যসম্বলিত একটি ভিডিও প্রকাশ করেন।
ঘটনার পরপরই ট্রাফিক-মতিঝিল বিভাগের সদস্যরা অভিযান পরিচালনা করে একই দিন সকাল আনুমানিক ১১:৩০টায় রামপুরা থানাধীন আবুল হোটেল রোড ক্রসিং এলাকা থেকে অভিযুক্ত ব্যক্তিকে আটক করেন।
আটক ব্যক্তিকে রামপুরা থানার মাধ্যমে বিজ্ঞ স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হলে আদালত তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।