ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ৪০০ জনে দাঁড়িয়েছে। এছাড়া ৫৫ হাজারেরও বেশি মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকাগুলোতে জীবিতদের উদ্ধারে জোরদার অভিযান চালানো হচ্ছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, রাজধানী কারাকাসের কিছু অংশ এবং লা গুয়াইরা এলাকায় এখনও ধ্বংসস্তূপে তল্লাশি চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। স্থানীয় বাসিন্দা ও স্বেচ্ছাসেবকেরাও কয়েকদিন ধরে উদ্ধারকাজে অংশ নিচ্ছেন। তবে ভারী উদ্ধার সরঞ্জামের অভাব এবং সরকারি সহায়তার সীমাবদ্ধতার অভিযোগ উঠেছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ইতোমধ্যে ১ হাজার ৬০০ জনের বেশি বিদেশি উদ্ধারকর্মী ভেনেজুয়েলায় পৌঁছেছেন। আরও কয়েকটি আন্তর্জাতিক উদ্ধারকারী দল দেশটির উদ্দেশ্যে রওনা হয়েছে।
সরকারের দাবি, এখনও শত শত মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। অন্যদিকে, বিরোধী পক্ষ-সমর্থিত একটি ওয়েবসাইটে ৫৫ হাজারের বেশি মানুষকে নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) আশঙ্কা প্রকাশ করেছে, ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে। এমনটি হলে, এটি হবে গত এক শতকে লাতিন আমেরিকার অন্যতম প্রাণঘাতী ভূমিকম্প।
এদিকে, দুর্যোগ মোকাবিলা অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠেছে। শনিবার রোমে পোপ লিও নিহতদের আত্মার শান্তি, স্বজনদের সান্ত্বনা এবং উদ্ধারকর্মীদের নিরাপত্তা কামনা করে প্রার্থনা করেন। একই সঙ্গে ভেনেজুয়েলার প্রতি আন্তর্জাতিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।
ভূমিকম্পের পর যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ত্রাণ সহায়তা পাঠিয়েছে। ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ১৫ কোটি ডলারের সহায়তার প্রতিশ্রুতির পাশাপাশি আগামী এক-দুদিনের মধ্যে আরও বড় সহায়তা প্যাকেজ ঘোষণা করা হতে পারে।
এদিকে, হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদোর যুক্তরাষ্ট্রের সহায়তায় দেশে ফেরার নতুন উদ্যোগ ওয়াশিংটনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছে। তাদের মতে, ভয়াবহ এই দুর্যোগের মধ্যে এমন রাজনৈতিক উদ্যোগ নেওয়ার সময় এখনও আসেনি।