আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের দালিয়ান সফর শেষে বুধবার (২৪ জুন) স্থানীয় সময় দুপুর ২টায় হাই-স্পিড (বুলেট) ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে রওয়ানা হয়েছেন। এ সময় তার সফরসঙ্গী হিসেবে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
এর আগে স্থানীয় সময় সকাল ১০টায় প্রধানমন্ত্রী চীনের দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) আয়োজিত ‘গ্রীষ্মকালীন দাভোস’ এর বার্ষিক সম্মেলনে অংশগ্রহণ করেন।
১৭তম অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়নস শীর্ষক এ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও গিনির প্রধানমন্ত্রী আমাদু উরি বাহ, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলঝাস বেকতেনভ, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন সেওক, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী নিয়াম ওসর উচরাল এবং মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোইকো স্পাইজিচ অংশগ্রহণ করেন।
সম্মেলনে বিশ্বের ৯০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে রাজনৈতিক, ব্যবসায়িক, শিক্ষাবিদ ও গণমাধ্যম অঙ্গনের ১ হাজার ৭০০ জনেরও বেশি প্রতিনিধি অংশ নেন। সেখানে বৈশ্বিক অর্থনীতি, বিনিয়োগ, প্রযুক্তি এবং টেকসই উন্নয়ন নিয়ে বিভিন্ন সেশনে আলোচনা অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্টরা মনে করছেন, গ্রীষ্মকালীন দাভোসে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ বাংলাদেশের জন্য নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের পাশাপাশি বিভিন্ন দেশের অভিজ্ঞতা ও সেরা অনুশীলন গ্রহণের মাধ্যমে জাতীয় সক্ষমতা আরও শক্তিশালী করতে সহায়ক হবে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান গত সোমবার (২২ জুন) চীনের দালিয়ানে পৌঁছান এবং বিভিন্ন কূটনৈতিক ও অর্থনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করেন।