ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি ড্রোন হামলায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার আরও এক ভিডিও জার্নালিস্ট নিহত হয়েছেন।
শনিবার (২০ জুন) গাজার কেন্দ্রস্থল আল-বুরেজ শরণার্থী শিবিরে একটি আবাসিক ভবন লক্ষ্য করে এই হামলা চালানো হয়।
আল জাজিরা এক বিবৃতিতে জানায়, নিহত সংবাদকর্মীর নাম আহমেদ উইশাহ। তিনি চ্যানেলটির ক্যামেরাম্যান হিসেবে কর্মরত ছিলেন।
প্রতিবেদনে আরও বলা হয়, ড্রোন হামলায় আহমেদ উইশাহ নিহত হওয়ার পাশাপাশি আরও কয়েকজন সাধারণ মানুষ আহত হয়েছেন। স্থানীয় এক সাংবাদিক জানান, হামলাটি বুরেজ শরণার্থী শিবিরের একটি ভবনে চালানো হয়।
এর আগে চলতি বছরের এপ্রিল মাসে নিহত সাংবাদিকের ভাই মোহাম্মদ উইশাহ গাড়িতে ভ্রমণের সময় ইসরায়েলি গোলার আঘাতে নিহত হন।
এদিকে, ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে দাবি করেছে, আহমেদ উইশাহ হামাসের একজন সদস্য ছিলেন এবং তাকে লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে। তারা আরও দাবি করে, তিনি হামাসের সামরিক শাখার সাথে যুক্ত ছিলেন এবং ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে স্নাইপার অপারেশনের পরিকল্পনায় জড়িত ছিলেন।
তবে এই অভিযোগের সমর্থনে কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করেনি ইসরায়েলি বাহিনী।
আন্তর্জাতিক গণমাধ্যম অধিকার সংগঠন ‘রিপোর্টার্স উইদাউট বর্ডারস’-এর তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ২২০ জনেরও বেশি সাংবাদিক ও গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন। এর মধ্যে অন্তত ৭০ জন দায়িত্ব পালনকালে সরাসরি হামলার শিকার হন।