আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
আগামী ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপি সূত্রে জানা যায়, বিশেষ এই দিনকে কেন্দ্র করে পুরো রাজধানীজুড়ে ২০০টিরও বেশি কৌশলগত স্থানে বিশেষ পুলিশ পিকেট ও চেকপোস্ট স্থাপন করা হবে। ঢাকার প্রবেশপথগুলোতে কড়া তল্লাশি ও চেকপোস্ট কার্যক্রম জোরদার থাকবে, যাতে কোনো বহিরাগত বা সন্দেহভাজন ব্যক্তি প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।
নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে নিয়মিত পুলিশের পাশাপাশি ডিবি, সিটিটিসি, স্পেশাল ব্রাঞ্চ (এসবি) এবং আইএডি-সহ বিশেষায়িত ইউনিটগুলো সার্বক্ষণিক মাঠে থাকবে। সম্ভাব্য নাশকতা বা যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিরোধে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে।
এছাড়া জরুরি পরিস্থিতি মোকাবেলায় ১৫টি কুইক রেসপন্স টিম (কিউআরটি) প্রস্তুত রাখা হবে এবং চারটি কন্ট্রোলরুমে পর্যাপ্ত রিজার্ভ ফোর্স স্ট্যান্ডবাই থাকবে। প্রয়োজনে তারা তাৎক্ষণিকভাবে মাঠে নামবে।
সব মিলিয়ে ডিএমপির ১৮ হাজারেরও বেশি পুলিশ সদস্য রাজধানীতে দায়িত্ব পালন করবে। কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি মাঠে থেকে নিরাপত্তা কার্যক্রম তদারকি করবেন।
ডিএমপি আরও জানায়, চলতি জুন মাসে রাজধানীতে বিশেষ অভিযানে রাজনৈতিক মামলা, ছিনতাই, ডাকাতি, চুরি ও মাদক সংশ্লিষ্ট অপরাধে শত শত আসামি গ্রেফতার করা হয়েছে। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
ডিএমপি নগরবাসীকে যেকোনো পরিস্থিতিতে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেছে, রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।