প্রধানমন্ত্রী তারেক রহমানের বেইজিং সফরের আগে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প নতুন করে গতি পেয়েছে। মঙ্গলবার (১৬ জুন) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ প্রকল্পটি পর্যালোচনা করা হয়।
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ৭৮৩ একর জমির ওপর এই অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ১৮৯ কোটি টাকা। এর মধ্যে প্রায় আড়াই হাজার কোটি টাকা চীন ঋণ হিসেবে প্রদান করবে বলে জানানো হয়েছে। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আগামী পাঁচ বছরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে।
পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, দেশে চীনা বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রায় ৫০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ আসবে এবং প্রায় ১ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
প্রকল্পের আওতায় গ্যাস ও বিদ্যুৎ সংযোগ, সড়ক ও সেতুসহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা হবে। পাশাপাশি ১,২০০ মিটার দীর্ঘ জেটি, পানি সংরক্ষণাগার এবং পানি শোধনাগার (ট্রিটমেন্ট প্লান্ট) স্থাপনের পরিকল্পনাও রয়েছে।
প্রকল্পটির সমীক্ষা ও ডেভেলপার হিসেবে চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশন (CRBC)-কে মনোনীত করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।