রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনায় হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তকে সঠিক বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, দায়িত্বহীনতার কারণে এ ধরনের মর্মান্তিক ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
মঙ্গলবার (১৬ জুন) সকালে রাজধানীর ইস্কাটনে হলি ফ্যামিলি মেডিকেল কলেজে হাম চিকিৎসা ও ব্যবস্থাপনা বিষয়ক গাইডলাইনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “দুই ঘণ্টা এসি বন্ধ থাকায় বদ্ধ কক্ষে অক্সিজেনের অভাব দেখা দেয়। তখনই শিশুদের দ্রুত অন্যত্র সরিয়ে নেওয়া উচিত ছিল। কিন্তু সেই সময় প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ায় পরপর ছয় শিশুর মৃত্যু ঘটে।”
তিনি আরও অভিযোগ করেন, ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন পর্যন্ত করেনি এবং বিষয়টিকে যথাযথ গুরুত্ব দেয়নি।
মন্ত্রী বলেন, এমন মর্মান্তিক ঘটনার জন্য দায়ীদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। একই সঙ্গে হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তকে তিনি যৌক্তিক ও সঠিক বলে উল্লেখ করেন। তিনি আশা প্রকাশ করেন, এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল হলেও সরকার ন্যায়বিচার পাবে।
এছাড়া তিনি দেশের চিকিৎসা ব্যবস্থায় মানবিকতা ও দায়িত্বশীলতা বাড়ানোর আহ্বান জানান এবং হলি ফ্যামিলি মেডিকেল কলেজের উন্নয়নে সরকারের উদ্যোগের কথা উল্লেখ করেন।