বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ বেড়ে ৩৫ দশমিক ৬২ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভের পরিমাণ ৩১ দশমিক ০৭ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, রোববার (১৫ জুন) এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) থেকে ১০০ কোটি ৫ লাখ ডলারের বাজেট সহায়তার ঋণ পাওয়ার পর রিজার্ভে এই বৃদ্ধি দেখা যায়।
তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে বর্তমান রিজার্ভ দাঁড়িয়েছে ৩ হাজার ৫৬২ কোটি ৬৩ লাখ ৪০ হাজার ডলার, আর বিপিএম-৬ পদ্ধতিতে তা ৩ হাজার ১০৭ কোটি ৫৭ লাখ ২০ হাজার ডলার।
এর আগে ১০ জুনে রিজার্ভ ছিল যথাক্রমে ৩ হাজার ৪৭৩ কোটি ৪৮ লাখ ৮০ হাজার ডলার (নিজস্ব হিসাব) এবং ৩ হাজার ৭ কোটি ৭৯ লাখ ৩০ হাজার ডলার (বিপিএম-৬)। ১ জুন ও মে মাসের বিভিন্ন সময়েও রিজার্ভে ওঠানামা দেখা গেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, ১০ এপ্রিল এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ সাময়িকভাবে কমে যায়, তবে পরবর্তী সময়ে বিভিন্ন বৈদেশিক সহায়তা ও প্রবাহের কারণে তা পুনরায় বৃদ্ধি পেতে থাকে।