দিল্লি এয়ারপোর্টে হয়রানির অভিযোগের পর শ্রীলঙ্কা হয়ে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। সোমবার (১৫ জুন) বেলা পৌনে ১২টার দিকে শ্রীলঙ্কান এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
এর আগে ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন সম্মেলনে অংশ নিতে তিনি সাধারণ পাসপোর্টে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে ঢাকা থেকে দিল্লির উদ্দেশে যাত্রা করেন। বিমানবন্দরে পৌঁছানোর পর ইমিগ্রেশন প্রক্রিয়ার সময় তার নাম ভারতের নিরাপত্তাসংক্রান্ত নজরদারি তালিকায় (ওয়াচলিস্ট) শনাক্ত হলে তাকে অতিরিক্ত জিজ্ঞাসাবাদের জন্য আটকে রাখা হয়।
পরবর্তীতে দীর্ঘ জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি নিজেই পাসপোর্ট ফেরত চান এবং সফর বাতিল করে দেশে ফেরার সিদ্ধান্ত নেন বলে জানা যায়।
ভারতীয় সংবাদমাধ্যমের সূত্রে জানা গেছে, একটি সরকারি বৈঠকে অংশ নিতে প্রতিনিধিদলের সদস্য হিসেবে পৌঁছানোর পর নিয়মিত ইমিগ্রেশন প্রক্রিয়ায় তার নাম ওয়াচলিস্টে পাওয়া যায়। এরপর বিমানবন্দরে তাকে আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করা হয়।
সূত্র আরও জানায়, পূর্বে তার নাম একটি সংশ্লিষ্ট তালিকা থেকে অপসারণ করা হলেও অভিবাসন কর্তৃপক্ষের ওয়াচলিস্টে তথ্য হালনাগাদ না হওয়ায় বিভ্রান্তির সৃষ্টি হয়, যার ফলে এই পরিস্থিতি তৈরি হয়।