সাইবার হামলার শিকার হয়েছে ইরানের চারটি প্রধান ব্যাংক। এতে আর্থিক সেবায় সাময়িকভাবে বিঘ্ন ঘটে। তবে কোনো গ্রাহকের তথ্য চুরি বা অননুমোদিত প্রবেশের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে দেশটির ব্যাংকিং সমন্বয় পরিষদ। খবরটি জানিয়েছে রয়টার্স।
ব্যাংকিং সমন্বয় পরিষদের বরাতে জানা যায়, হামলার লক্ষ্য ছিল ইরানের ব্যাংক মেল্লি, ব্যাংক তেজারাত, ব্যাংক সাদেরাত এবং এক্সপোর্ট ডেভেলপমেন্ট ব্যাংক অব ইরান-এর ব্যবহৃত একটি যৌথ যোগাযোগ অবকাঠামো।
হামলার পরপরই সিস্টেমে অস্বাভাবিকতা শনাক্ত হলে গ্রাহকের তথ্য ও ব্যাংকিং অবকাঠামো সুরক্ষায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয় বলে জানায় কর্তৃপক্ষ।
বর্তমানে ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক করতে কাজ চলছে এবং সেবা দ্রুত পুনরুদ্ধারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে ব্যাংকিং সমন্বয় পরিষদ জানিয়েছে।