আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
রাজধানীর ওয়ারী থানাধীন নবাবপুর রোডের রথখোলা মোড়ে সংঘটিত ৫৭ ভরি স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের আরও তিন সদস্যকে গ্রেফতার করেছে ওয়ারী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো মো. রুবেল (৩৮), মো. মোবারক হোসেন ওরফে শাওন (৩০) এবং আব্দুল্লাহ আল হাসান ওরফে সাকিব ওরফে অজয় (২৮)।
জানা যায়, গত ২৭ মে রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে স্বর্ণ ব্যবসায়ী হরিপদ পাল ও তার প্রতিষ্ঠানের ম্যানেজার ৫৭ ভরি স্বর্ণালংকার এবং নগদ ১ লাখ ৪৭ হাজার টাকা নিয়ে বাসায় ফেরার পথে সংঘবদ্ধ একটি চক্র তাদের গতিরোধ করে। ডিবি পুলিশের পরিচয় দিয়ে অবৈধ মাদক থাকার ভয় দেখিয়ে তাদের একটি মাইক্রোবাসে তুলে নেয়। পরে চোখ-মুখ বেঁধে প্রাণনাশের হুমকি দিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে কমলাপুর রেলস্টেশন এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়। এ ঘটনায় ওয়ারী থানায় একটি মামলা দায়ের করা হয়।
মামলার তদন্তে পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ৬ জুন ইত্তেফাক মোড় এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে চক্রটির ৬ সদস্যকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ডিবি পুলিশের কটি, খেলনা পিস্তল, ওয়াকি-টকি সেট, হ্যান্ডকাফ, লাঠি ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে যশোর ও তাতীবাজার এলাকায় অভিযান চালিয়ে আরও তিন সদস্যকে গ্রেফতার করা হয় এবং ছিনতাইকৃত ৫৭ ভরি স্বর্ণের মধ্যে ১৭ ভরি গলানো স্বর্ণ, স্বর্ণ বিক্রির ৬ লাখ ৮০ হাজার টাকা, ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল ও মাইক্রোবাস উদ্ধার করা হয়।
এরই ধারাবাহিকতায় ১৩ জুন রাত আনুমানিক ৩টায় কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানা এলাকায় অভিযান পরিচালনা করে ওয়ারী থানা পুলিশ চক্রটির আরও তিন সদস্য রুবেল, মোবারক ও সাকিবকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।