মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতার কারণে ২০২৫-২৬ অর্থবছরে তেল, গ্যাস, বিদ্যুৎ ও সার খাতে বাংলাদেশকে অতিরিক্ত প্রায় ৪২ হাজার ৬০০ কোটি টাকা ভর্তুকি দিতে হতে পারে বলে জাতীয় সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী।
মঙ্গলবার (৮ জুন) সংসদে ঢাকা-১৮ আসনের সরকারি দলের সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। প্রশ্নে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাতের ফলে বাংলাদেশের অর্থনীতি বা বাণিজ্যে কোনো প্রভাব পড়েছে কি না, তা জানতে চাওয়া হয়।
অর্থমন্ত্রী বলেন, ইরানসহ মধ্যপ্রাচ্যের সংঘাত এবং বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা দেশের ভর্তুকি ব্যয়ে অতিরিক্ত চাপ তৈরি করছে। প্রাথমিক হিসাব অনুযায়ী, শুধু তেল, গ্যাস, বিদ্যুৎ ও সার—এই চার খাতে জুন পর্যন্ত প্রায় ৪২ হাজার ৬০০ কোটি টাকার অতিরিক্ত ভর্তুকি প্রয়োজন হতে পারে।
তিনি জানান, এর মধ্যে তেল খাতে প্রায় ১০ হাজার ২৫৮ কোটি টাকা, গ্যাস খাতে ১১ হাজার ১৭০ কোটি টাকা, বিদ্যুৎ খাতে ১৯ হাজার ৮২১ কোটি টাকা এবং সার খাতে প্রায় ১ হাজার ৩৫০ কোটি টাকা ভর্তুকি লাগতে পারে।
অর্থমন্ত্রী আরও বলেন, মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রভাব ইতোমধ্যে জ্বালানি, সার, আমদানি ব্যয়, পরিবহন খরচ, মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা, রেমিট্যান্স ও বৈদেশিক কর্মসংস্থানের ওপর দেখা যাচ্ছে।
তিনি সতর্ক করে বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল, এলএনজি ও সারের দাম বৃদ্ধি পাওয়ায় আমদানি ও উৎপাদন ব্যয় বেড়েছে, যা বিদ্যুৎ, কৃষি, শিল্প ও পরিবহন খাতে চাপ সৃষ্টি করছে এবং মূল্যস্ফীতির ওপরও প্রভাব ফেলতে পারে।
মধ্যপ্রাচ্য বাংলাদেশের অন্যতম বড় শ্রমবাজার হওয়ায় দীর্ঘস্থায়ী অস্থিরতা রেমিট্যান্স প্রবাহ ও কর্মসংস্থানের ক্ষেত্রেও ঝুঁকি তৈরি করতে পারে বলে তিনি উল্লেখ করেন।
সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, জ্বালানি আমদানির উৎস বহুমুখীকরণ, দেশীয় গ্যাস অনুসন্ধান, সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা, বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় সতর্কতা এবং নতুন শ্রমবাজার অনুসন্ধানের মতো পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, সম্ভাব্য অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় সরকার প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করছে।