আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
রাজধানীর পল্লবী থানা এলাকা থেকে নিখোঁজ হওয়া দুই কিশোরীকে তথ্য-প্রযুক্তির সহায়তায় নীলফামারী জেলা থেকে উদ্ধার করেছে পল্লবী থানা পুলিশ। উদ্ধার হওয়া দুই কিশোরীই পেশায় পোশাক শ্রমিক।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২ জুন সকাল ৯টার দিকে ব্যক্তিগত কাজের কথা বলে দুই কিশোরী বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরদিন ৩ জুন তাদের কোনো খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা পল্লবী থানায় পৃথক দুটি নিখোঁজ সাধারণ ডায়েরি (জিডি) করেন।
ঘটনার পর পল্লবী থানার একটি চৌকস টিম তথ্য-প্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে এবং নিখোঁজ কিশোরীদের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৯ জুন) রাত আনুমানিক ৩টা ৫ মিনিটে নীলফামারী জেলার ডোমার থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে পুলিশ জানতে পারে, নিখোঁজ হওয়ার পেছনে কোনো অপহরণ বা সংঘবদ্ধ অপরাধচক্রের সংশ্লিষ্টতা ছিল না। বরং দুই কিশোরীর নিজেদের মধ্যকার ঘনিষ্ঠ সম্পর্ক এবং পারিবারিক বাধা এড়াতে তারা স্বেচ্ছায় বাড়ি ছেড়ে একসঙ্গে থাকার উদ্দেশ্যে নীলফামারীতে চলে যায়।
উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে দুই কিশোরীকে তাদের অভিভাবকদের কাছে জিডিমূলে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।