
রাজধানীর ফুসফুস খ্যাত ঐতিহ্যবাহী ধানমন্ডি লেককে কোনোভাবেই বাণিজ্যিকভাবে ব্যবহার করতে দেওয়া হবে না বলে সাফ জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নবনিযুক্ত প্রশাসক মো. আবদুস সালাম।
আজ রোববার (০৭ জুন ২০২৬ খ্রি.) ধানমন্ডি লেক সংলগ্ন রাশিয়ান কালচারাল সেন্টারে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ধানমন্ডি এলাকার নাগরিক সেবা, বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিধন কার্যক্রম আরও গতিশীল এবং কার্যকর করতে এই গণশুনানির আয়োজন করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
ডিএসসিসি প্রশাসক বলেন, "জনগণের সরাসরি অংশগ্রহণের ভিত্তিতেই এখন থেকে সিটি করপোরেশনের সমস্ত উন্নয়নমূলক কাজ পরিচালিত হবে। সাধারণ মানুষের সমস্যাগুলো আমরা সরাসরি শুনব এবং দ্রুততম সময়ের মধ্যে তা সমাধান করা হবে।"
তিনি আরও উল্লেখ করেন, ধানমন্ডি লেকের প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণ, পানির মান উন্নয়ন এবং চারপাশের জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। পাশাপাশি লেক ও এর আশেপাশের পরিবেশ সুশৃঙ্খল রাখতে হকার এবং রিকশাচালকদের কঠোরভাবে নিবন্ধনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।