
দেশের সর্ববৃহৎ উচ্চশিক্ষা নেটওয়ার্ক হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয় কেবল ডিগ্রি প্রদানকারী প্রতিষ্ঠান হয়ে থাকবে না; বরং এটি জ্ঞান-বিজ্ঞান, প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং সুনাগরিক তৈরির অন্যতম সূতিকাগারে পরিণত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।
আজ রোববার (০৭ জুন ২০২৬ খ্রি.) সকালে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে 'দক্ষতাভিত্তিক শিক্ষা' বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা মাহদী আমিন বর্তমানে শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। অনুষ্ঠানে তিনি বলেন, "গত সাড়ে তিন মাসে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে কর্মযজ্ঞ শুরু হয়েছে, তার ভিত্তি প্রধানমন্ত্রীর সুদূরপ্রসারী ভিশন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাচনি ম্যানিফেস্টো। আমরা উচ্চশিক্ষাকে শুধু সনদনির্ভর না করে কর্মমুখী ও জীবনঘনিষ্ঠ করতে চাই।"
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ব্যাপকতা তুলে ধরে উপদেষ্টা বলেন, এটি কোনো রাজধানীকেন্দ্রিক প্রতিষ্ঠান নয়, বরং দেশের তৃণমূলের সাধারণ মানুষের ক্ষমতায়নের প্রধান বাহন। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই শিক্ষা প্রতিষ্ঠানে দেশের সর্বাধিক অর্থাৎ ৩০ থেকে ৪০ লাখ শিক্ষার্থী অধ্যয়ন করছে। প্রতিবছর এখান থেকে বিপুল সংখ্যক গ্র্যাজুয়েট বের হলেও তাদের বড় অংশ কর্মসংস্থান না পেয়ে শিক্ষিত বেকারত্বের বেড়াজালে বন্দি হচ্ছে। তাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিবর্তন মানে সমগ্র বাংলাদেশের শিক্ষা, কর্মসংস্থান ও লক্ষ-লক্ষ পরিবারের ভাগ্যের পরিবর্তন।
তিনি আরও উল্লেখ করেন, ১৯৯২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দূরদর্শী নেতৃত্বে উচ্চশিক্ষাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু ফ্যাসিবাদের দীর্ঘ শাসনামলে রাষ্ট্র কাঠামোর মতো শিক্ষা ব্যবস্থাকেও ধ্বংস করে এর মূল লক্ষ্য ধুলিস্যাৎ করা হয়েছে। বর্তমান গণতান্ত্রিক সরকার সেই ধ্বংসস্তূপ থেকে বিশ্ববিদ্যালয়টিকে টেনে তুলতে টেকসই কর্মপরিকল্পনা গ্রহণ করেছে।
শিক্ষার মানোন্নয়নে গৃহীত পদক্ষেপের কথা জানিয়ে মাহদী আমিন বলেন, পরীক্ষা ও ফলাফল প্রক্রিয়ায় ডিজিটাইজেশন এবং বহুমুখী পদক্ষেপের মাধ্যমে নিরাপদ ক্যাম্পাসে সেশনজট অপসারণকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হচ্ছে। এছাড়া কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণ, ক্যারিয়ার সেন্টার ও জব প্লেসমেন্ট কার্যক্রম চালু, ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কলাবোরেশন শক্তিশালীকরণ, ইন্টার্নশিপের সুযোগ বৃদ্ধি, ল্যাঙ্গুয়েজ সেন্টার প্রতিষ্ঠা, ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কর্মসূচি, ‘ওয়ান স্টুডেন্ট ওয়ান ট্রি’ উদ্যোগ এবং পরিবেশ রক্ষায় খাল খননসহ বিভিন্ন যুগান্তকারী কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সাথে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে বিতর্ক, সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতাকে নিয়মিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন— শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এএসএম আমানুল্লাহ প্রমুখ।