ভারতের রাজধানী নয়াদিল্লির একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ এক বাংলাদেশি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন বাংলাদেশি আহত হয়েছেন।
শুক্রবার নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে।
হাইকমিশনের তথ্য অনুযায়ী, দক্ষিণ দিল্লির মালব্য নগরের হাউজ রানি এলাকায় ‘ফ্লোরিশ স্টে বি’ নামে একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের সময় সেখানে অবস্থানরত দুটি বাংলাদেশি পরিবারের সদস্যরা গুরুতরভাবে দগ্ধ হন।
পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় নুরুল আমিন (৪৪) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়।
ঘটনায় বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মোট ২২ জন নাগরিক নিহত বা আহত হয়েছেন বলে জানা গেছে।
বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, নিহত নুরুল আমিনের মরদেহ দ্রুত দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। পাশাপাশি আহতদের চিকিৎসা ও সহায়তায় হাইকমিশন সংশ্লিষ্টদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।