মধ্যপ্রাচ্যের চলমান সংকটের কূটনৈতিক সমাধানের সম্ভাবনা জোরালো হওয়ায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি দেখা গেছে। বৃহস্পতিবার (৪ জুন) বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ডলার ও অপরিশোধিত তেলের দাম কমে যাওয়ায় উচ্চ মূল্যস্ফীতি এবং সুদের হার বৃদ্ধির আশঙ্কা কিছুটা কমেছে। এর প্রভাবেই বিনিয়োগকারীদের আগ্রহ বেড়ে স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে।
বাংলাদেশ সময় দুপুর ৩টা পর্যন্ত স্পট গোল্ডের দাম ০.৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪৬৪.৭৯ ডলারে পৌঁছায়। একই সময়ে আগস্ট ডেলিভারির মার্কিন স্বর্ণ ফিউচারের দাম ০.৬ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ৪ হাজার ৪৯১.৮০ ডলারে দাঁড়ায়।
ডলারের মূল্য হ্রাস পাওয়ায় অন্যান্য মুদ্রার বিনিয়োগকারীদের জন্য স্বর্ণ কেনা তুলনামূলক সাশ্রয়ী হয়েছে। ফলে বাজারে মূল্যবান ধাতুটির চাহিদা বৃদ্ধি পেয়েছে।
এর আগে বুধবার মার্কিন প্রশাসন জানায়, ইসরাইল ও লেবানন যুদ্ধবিরতি কার্যকর করতে সম্মত হয়েছে। এতে যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানকে ঘিরে বৃহত্তর আঞ্চলিক সংঘাতের কূটনৈতিক সমাধানের আশাও জোরদার হয়েছে।
বিনিয়োগ প্রতিষ্ঠান ট্রেডু ডটকমের জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক নিকোস জাবুরাস বলেন, কূটনৈতিক উদ্যোগ সফল হলে অপরিশোধিত তেলের সরবরাহ স্বাভাবিক হবে এবং মূল্যস্ফীতির চাপ কমবে। একই সঙ্গে ভূরাজনৈতিক উত্তেজনা ও তেলের দাম কমে যাওয়ার কারণে ডলারের ওপর চাপ সৃষ্টি হতে পারে, যা স্বর্ণের দামের পুনরুদ্ধারকে আরও সহায়তা করবে।
পরামর্শক প্রতিষ্ঠান মেটালস ফোকাসের পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে স্বর্ণের বাজার আবারও শক্তিশালী ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরতে পারে। তবে গহনা শিল্প ও কেন্দ্রীয় ব্যাংকগুলোর ক্রয় কমে যাওয়ায় চলতি বছরে বৈশ্বিক স্বর্ণের মোট চাহিদা প্রায় ২ শতাংশ হ্রাস পেতে পারে।
স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। স্পট সিলভারের দাম ০.৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭৩.৩১ ডলারে, প্লাটিনামের দাম ১.৩ শতাংশ বেড়ে ১ হাজার ৮৮৩.১৫ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ০.৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ হাজার ৩০৮.০৬ ডলারে পৌঁছেছে।
এদিকে দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম বর্তমানে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা। এছাড়া ২১ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯২ হাজার ১৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৪৭৩ টাকা। গত ২ জুন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ স্বর্ণের দাম সমন্বয় করে।