চোট কাটিয়ে ২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম কিংবা দ্বিতীয় ম্যাচেই মাঠে ফিরতে পারেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার। এমন আশাবাদ ব্যক্ত করেছেন ব্রাজিল জাতীয় দলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি।
শনিবার (৩০ মে) ব্রাজিলের তেরেসোপলিসে অবস্থিত গ্রাঞ্জা কোমারিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
পায়ের পেশিতে চোট পাওয়ার কারণে বিশ্বকাপ শুরুর আগে নেইমারের মাঠে ফেরা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। তবে আনচেলত্তি জানিয়েছেন, ১৩ জুন নিউ জার্সিতে মরক্কোর বিপক্ষে ব্রাজিলের উদ্বোধনী ম্যাচের আগেই সুস্থ হয়ে উঠতে পারেন ৩৪ বছর বয়সী এই তারকা ফুটবলার।
আনচেলত্তি বলেন, “আমরা বিশ্বাস করি নেইমার খুব দ্রুতই ফিরে আসবে। যদি উদ্বোধনী ম্যাচে খেলতে না পারে, তাহলে দ্বিতীয় ম্যাচে অবশ্যই তাকে পাওয়া যাবে।”
চোটের কারণে পানামা ও মিশরের বিপক্ষে ব্রাজিলের দুটি প্রস্তুতি ম্যাচে খেলতে পারবেন না নেইমার। রোববার (৩১ মে) মারাকানায় পানামার মুখোমুখি হবে ব্রাজিল। এরপর নিউ জার্সিতে বিশ্বকাপ ক্যাম্প শুরু করবে দলটি এবং ৬ জুন ক্লিভল্যান্ডে মিশরের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে।
প্রায় তিন বছর জাতীয় দলের বাইরে থাকার পর বিশ্বকাপের ২৬ সদস্যের স্কোয়াডে নেইমারের অন্তর্ভুক্তি অনেকের কাছেই বিস্ময়কর ছিল। দীর্ঘদিন চোট ও ফর্মহীনতার কারণে জাতীয় দলের বাইরে ছিলেন তিনি।
উল্লেখ্য, ব্রাজিল জাতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা নেইমার। সেলেসাওদের জার্সিতে ১২৮ ম্যাচে তিনি ৭৯টি গোল করেছেন। ২০২৬ বিশ্বকাপ হতে যাচ্ছে তার ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপ।