ইরানের সঙ্গে শান্তি চুক্তি না হলে আবারও সামরিক হামলা চালাতে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র—এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ। ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
শনিবার (৩০ মে) সিঙ্গাপুরে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা বিষয়ক এক সম্মেলনে তিনি বলেন, প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র পুনরায় সামরিক অভিযান পরিচালনা করতে সক্ষম। এ ধরনের অভিযানের জন্য পর্যাপ্ত অস্ত্রভাণ্ডার দেশটির হাতে রয়েছে বলেও দাবি করেন তিনি।
হেগসেথ বলেন, “প্রয়োজনে আমরা আবারও অভিযান শুরু করতে পারি। আমাদের সক্ষমতা নিয়ে কোনো সন্দেহ নেই। শুধু মধ্যপ্রাচ্য নয়, বিশ্বের বিভিন্ন অঞ্চলে মোতায়েন থাকা আমাদের অস্ত্রভাণ্ডার এ ধরনের পদক্ষেপের জন্য যথেষ্ট।”
তিনি আরও বলেন, ইরান সংঘাতে জড়িত থাকলেও যুক্তরাষ্ট্র এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে মুখ ফিরিয়ে নেয়নি। তার দাবি, যুক্তরাষ্ট্র বর্তমানে প্রতিরক্ষা শিল্পখাতকে আরও শক্তিশালী করছে এবং দ্রুতগতিতে অস্ত্র উৎপাদন বাড়াচ্ছে, যাতে বৈশ্বিক সামরিক পরিকল্পনা বাস্তবায়নে কোনো ঘাটতি না থাকে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো কূটনৈতিক সমাধানের পক্ষেই রয়েছেন বলে জানান হেগসেথ। তিনি বলেন, ট্রাম্প এমন একটি চুক্তি চান, যাতে নিশ্চিত করা যায় ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না।
প্রতিবেদনে আরও বলা হয়, যুদ্ধবিরতি ও কূটনৈতিক সমঝোতা নিয়ে আলোচনা চলমান রয়েছে, যা বাস্তবায়িত হলে আলোচনার জন্য অতিরিক্ত সময় পাওয়া যাবে। তবে চলমান উত্তেজনার কারণে মধ্যপ্রাচ্য ও বৈশ্বিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।