ঈদের ছুটিতে শুক্রবারেও রাজধানী ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ। যারা নানা ব্যস্ততা ও ছুটির সীমাবদ্ধতার কারণে ঈদের আগে বাড়ি যেতে পারেননি, তারা এখন প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নিজ নিজ গন্তব্যে রওনা হচ্ছেন।
শুক্রবার (২৯ মে) রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল ও কাউন্টার এলাকায় যাত্রীদের দীর্ঘ সারিতে অপেক্ষা করতে দেখা যায়। যাত্রীরা জানান, ঈদের দ্বিতীয় দিনে সড়কে যানবাহনের চাপ তুলনামূলক কম থাকায় তারা আরামদায়ক যাত্রার আশায় এখন বাড়ি যাচ্ছেন।
অনেকে জানান, তারা ঈদের প্রথম দিন ঢাকায় পরিবারের সঙ্গে উদযাপন করেছেন, আর দ্বিতীয় দিন অন্য আত্মীয়-স্বজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে গ্রামের পথে রওনা হচ্ছেন।
এদিকে, টার্মিনাল ছাড়াও রাজধানীর বিভিন্ন সড়কের মোড় থেকে যাত্রীরা বাসে উঠছেন বলে জানা গেছে। ফলে ঈদের ছুটির সময়েও ঢাকায় ঘরমুখো মানুষের চাপ অব্যাহত রয়েছে।