ইরান-এ ৮৮ দিন পর আংশিকভাবে ইন্টারনেট সংযোগ পুনরায় চালু করা হয়েছে। তবে এখনও ফেসবুক, এক্স, ইনস্টাগ্রাম-সহ বেশ কয়েকটি জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ রয়েছে।
ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস জানিয়েছে, মঙ্গলবার থেকে ধীরে ধীরে মোবাইল নেটওয়ার্ক ও অন্যান্য সংযোগ বৈশ্বিক ইন্টারনেট ব্যবস্থার সঙ্গে যুক্ত হতে শুরু করেছে। বর্তমানে দেশটির ইন্টারনেট সক্ষমতা প্রায় ৮৬ শতাংশে পৌঁছেছে। তবে হোয়াটসঅ্যাপ ব্যবহারে এখনও নানা সীমাবদ্ধতা রয়েছে।
গত সোমবার প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান-এর নেতৃত্বে গঠিত বিশেষ সাইবারস্পেস ব্যবস্থাপনা কমিটি ইন্টারনেট চালুর পক্ষে ভোট দেয়। বৈঠকে ৯ জন সদস্য ইন্টারনেট পুনঃসংযোগের পক্ষে মত দেন, বিপক্ষে ছিলেন ২ জন।
তবে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, প্রশাসনিক আদালত সাময়িকভাবে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন স্থগিত করেছে। ফলে ইন্টারনেট পুরোপুরি চালুর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
আইসিটি মন্ত্রী সাত্তার হাশেমি বলেন, বৈঠকে সংখ্যাগরিষ্ঠ সদস্য ইন্টারনেট পুনরায় চালুর পক্ষে মত দিয়েছেন এবং দেশজুড়ে ব্রডব্যান্ড সংযোগ চালুর কাজ শুরু হয়েছে।
এর আগে, ইরান-এর সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তে জানুয়ারিতে দেশটিতে প্রায় সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউট জারি করা হয়। সরকার তখন দাবি করেছিল, যুদ্ধ পরিস্থিতি ও সাইবার হামলার ঝুঁকি মোকাবিলায় এই পদক্ষেপ নেওয়া হয়েছিল।