
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিম ভাইবোনদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বুধবার (২৭ মে) বঙ্গভবন থেকে রাষ্ট্রপতির স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।
রাষ্ট্রপতি বলেন, ঈদুল আজহা মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসবের পাশাপাশি আত্মত্যাগ, আত্মশুদ্ধি এবং হিংসা-বিদ্বেষ ও মনের পশুত্বকে ত্যাগ করার এক মহিমান্বিত আহ্বান। এটি মানবতার জন্য একটি সর্বজনীন শিক্ষা বহন করে।
তিনি আরও বলেন, মহান আল্লাহর প্রতি পরিপূর্ণ আত্মসমর্পণ, অবিচল আনুগত্য ও সামাজিক সাম্যের অনন্য দৃষ্টান্তে সমুজ্জ্বল এই ঈদ আমাদের সামনে আবারও সমাগত।
হজরত ইবরাহিম (আঃ) তাঁর প্রিয় পুত্র হজরত ইসমাইল (আঃ)-কে কোরবানি করার মাধ্যমে যে ত্যাগ, ধৈর্য, বিশ্বাস ও আনুগত্যের উদাহরণ স্থাপন করেছেন, তা মানবজাতির জন্য চিরন্তন আদর্শ বলে উল্লেখ করেন রাষ্ট্রপতি। এই ঘটনা আমাদের আল্লাহর প্রতি ভক্তি এবং ন্যায়ের পথে অবিচল থাকার শিক্ষা দেয় বলেও তিনি মন্তব্য করেন।
কোরবানির মাংস আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও দরিদ্র মানুষের মধ্যে সুষ্ঠুভাবে বণ্টনের মাধ্যমে সমাজে সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও বৈষম্য হ্রাস পায় বলে রাষ্ট্রপতি উল্লেখ করেন। পাশাপাশি তিনি বলেন, কোরবানির ঈদ দেশের গরিব মানুষের আমিষের চাহিদা পূরণে সহায়তা করে এবং অর্থনীতিকে গতিশীল করে।
তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান, নির্ধারিত স্থানে কোরবানি সম্পন্ন করা এবং বর্জ্য যথাযথভাবে অপসারণ করে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখতে হবে।
ঈদুল আজহার শিক্ষা ধারণ করে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে সততা, সহনশীলতা, মানবিক মূল্যবোধ ও ত্যাগের আদর্শ প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বিভেদ নয়, সম্প্রীতি; হিংসা নয়, সৌহার্দ্য; স্বার্থপরতা নয়, উদারতা—এই চেতনায় একটি ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
সবশেষে তিনি দোয়া করেন, মহান আল্লাহ যেন সবার কোরবানি কবুল করেন এবং ঈদ বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি ও কল্যাণ বয়ে আনে।