কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন।
শনিবার (২৩ মে) সকালে খোকসা উপজেলার শিমুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, রাজবাড়ী থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস একই দিক থেকে যাওয়া একটি বালুবাহী ডাম্প ট্রাককে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় বিপরীত দিক থেকে আসা গরুবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ৫ জনকে মৃত ঘোষণা করেন।
আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। দুর্ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।