কৃষিমন্ত্রী আমিন উর রশিদ বাংলাদেশের আম রপ্তানির আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেছেন। বৃহস্পতিবার (২১ মে) মধ্যপ্রাচ্য ও ইউরোপের কয়েকটি দেশে বাংলাদেশি আম রপ্তানি শুরু হয়েছে।
রপ্তানিকৃত দেশগুলোর মধ্যে রয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, যুক্তরাজ্য ও জার্মানি।
কৃষিমন্ত্রী জানান, সরকার কৃষিপণ্য রপ্তানিতে উৎসাহ দিচ্ছে এবং রপ্তানিকারকদের জন্য বিভিন্ন ধরনের সুবিধা প্রদান করা হচ্ছে। তিনি বলেন, আজই প্রায় ৭ টন আম বিদেশে পাঠানো হচ্ছে। এর আগে চলতি মৌসুমে যুক্তরাজ্য, জার্মানি, লেবানন ও সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে মোট সাড়ে ৪১ টন আম রপ্তানি করা হয়েছে।
রপ্তানিকারকরা জানান, বাংলাদেশের আম রপ্তানিতে বড় চ্যালেঞ্জ হচ্ছে উচ্চ বিমানভাড়া। পাকিস্তান, থাইল্যান্ড ও কেনিয়ার তুলনায় বাংলাদেশে এয়ার কার্গো ভাড়া প্রায় ৫০ শতাংশ বেশি। এছাড়া পচনশীল পণ্যের জন্য আলাদা ডেডিকেটেড কার্গো ফ্লাইট না থাকায় যাত্রীবাহী বিমানের ওপর নির্ভর করতে হয়, ফলে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে বাংলাদেশ।
প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বাংলাদেশের আম এখন শুধু প্রবাসীদের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সুইজারল্যান্ড ও সুইডেনসহ ইউরোপের বিভিন্ন সুপারশপেও বিক্রি হচ্ছে। বর্তমানে বাংলাদেশ থেকে প্রায় ৩৮টি দেশে আম রপ্তানির অভিজ্ঞতা রয়েছে ব্যবসায়ীদের।