বিএনপি সরকারই পদ্মা ব্যারাজ ও তিস্তা ব্যারাজের কাজ শুরু করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বিএনপি সরকার ক্ষমতায় এলে পদ্মা ব্যারাজের কাজ শুরু করা হবে, ইনশাআল্লাহ তিস্তা ব্যারাজের কাজও এগিয়ে নেওয়া হবে।
বুধবার (২০ মে) দুপুরে গাজীপুরে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, উত্তর ও দক্ষিণাঞ্চলের পানি সংকট মোকাবিলায় পদ্মা ব্যারাজ নির্মাণ জরুরি। সীমান্তের ওপারে বিভিন্ন ব্যারাজের কারণে বর্ষা ও খরা মৌসুমে পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে, ফলে কৃষি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তিনি আরও বলেন, দক্ষিণাঞ্চলে লবণাক্ত পানির অনুপ্রবেশ বৃদ্ধি পাচ্ছে, এতে সুন্দরবনসহ বিভিন্ন পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। ব্যারাজের মাধ্যমে বর্ষার অতিরিক্ত পানি সংরক্ষণ করে খরা মৌসুমে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে।
তারেক রহমান বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে মৌসুমি পরিবর্তন দেখা দিচ্ছে। আগে শীত বেশি থাকলেও এখন তা কমে গেছে। একই সঙ্গে নগরায়নের কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে।
তিনি আরও বলেন, রোহিঙ্গা ক্যাম্প এলাকায় বিপুল পরিমাণ বন উজাড় হয়েছে এবং উন্নয়ন প্রকল্পে গাছ কাটার বিষয়েও সতর্ক থাকতে হবে। উন্নয়ন করতে গিয়ে পরিবেশ ধ্বংস করা যাবে না।
প্রধানমন্ত্রী বলেন, ভূগর্ভস্থ পানির স্তর দ্রুত নিচে নেমে যাচ্ছে, যা ভবিষ্যতে কৃষি ও পানির সংকট তৈরি করতে পারে। তাই পানি ব্যবস্থাপনায় খাল খনন কর্মসূচিকে গুরুত্ব দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগ নিয়ন্ত্রণ করা না গেলেও সচেতনতা বৃদ্ধি ও প্রশিক্ষণের মাধ্যমে ক্ষয়ক্ষতি কমানো সম্ভব। এজন্য নতুন প্রতিষ্ঠিত ইনস্টিটিউট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সুধী সমাবেশে আরও বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা। অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।