রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা ঘিরে সৃষ্ট বিরোধের কারণে রাজশাহী থেকে সব ধরনের দূরপাল্লা ও আন্তঃজেলা বাস চলাচল বন্ধ হয়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
সোমবার (১৮ মে) সকাল সাড়ে ৮টার পর থেকেই শ্রমিকদের একটি অংশ বাস চলাচল বন্ধ করে দেয়। এরপর রাজশাহীর শিরোইল ও নওদাপাড়া বাস টার্মিনালসহ সব কাউন্টার থেকে কোনো বাস ছেড়ে যায়নি। ফলে সারাদেশের সঙ্গে বাস যোগাযোগ কার্যত বন্ধ হয়ে পড়ে।
শ্রমিকদের একটি অংশ জানায়, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন গতকাল (১৭ মে) রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ২১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করে। এতে রফিকুল ইসলাম পাখিকে সভাপতি এবং মোমিনুল ইসলাম মোমিনকে সাধারণ সম্পাদক করা হয়। তবে নির্বাচন ছাড়া এভাবে কমিটি ঘোষণার প্রতিবাদে শ্রমিকদের বড় একটি অংশ আন্দোলনে নামে।
তাদের দাবি, এই কমিটি বাতিল করে তিন মাসের জন্য একটি নিরপেক্ষ আহ্বায়ক কমিটি গঠন করতে হবে এবং দ্রুত সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করতে হবে।
হঠাৎ বাস বন্ধ হয়ে যাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দূরপাল্লার যাত্রীরা। অনেকেই পরিবারসহ বাসস্ট্যান্ডে এসে বাস না পেয়ে হতাশ হয়ে পড়েন।
ঢাকার যাত্রী আরিফুল ইসলাম বলেন, জরুরি কাজে পরিবার নিয়ে ঢাকায় যাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ বাস বন্ধ হয়ে যাওয়ায় তারা বিপদে পড়েছেন।
আরেক যাত্রী রফিক বলেন, শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে সাধারণ যাত্রীরা কেন ভোগান্তিতে পড়বে—এটি মেনে নেওয়া যাচ্ছে না।
শারমিন সুলতানা নামে এক যাত্রী বলেন, ছোট বাচ্চা নিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করলেও কোনো নিশ্চিত তথ্য পাওয়া যাচ্ছে না।
এদিকে নবঘোষিত কমিটির সভাপতি রফিকুল ইসলাম পাখি জানান, তারা পরিস্থিতি স্বাভাবিক করতে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করছেন এবং ঈদের আগে যাতে মানুষের দুর্ভোগ না হয়, সে বিষয়ে সমাধানের চেষ্টা চলছে।