জাতীয়তাবাদী হতে হলে সরকারকে আগে সীমান্ত এলাকার বাসিন্দাদের রক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী।
শুক্রবার (১৫ মে) জুমার নামাজ শেষে শরীফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।
তিনি বলেন, সার্বভৌমত্ব রক্ষায় শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে। সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যা বন্ধে সরকারকে আরও কঠোর ভূমিকা নেওয়ার আহ্বান জানান তিনি।
নাসীরুদ্দীন পাটোয়ারী অভিযোগ করে বলেন, গরু চোরাচালানের সঙ্গে বাংলাদেশিরা নয়, বরং ভারতীয় বাহিনী জড়িত। একই সঙ্গে মাদক চোরাচালান বন্ধে প্রশাসনের সদিচ্ছা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত না হলে জাতীয়তাবাদের কোনো অর্থ থাকে না।