আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ২৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মতিঝিল বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো— ১। মোঃ মোস্তাকিন মিয়া ওরফে মোস্তাকিম ওরফে আরমান (২১), ২। শেখ ফয়সাল (২৪) এবং ৩। মোঃ আরিফ মিয়া (৩০)।
বুধবার (১৩ মে) রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে যাত্রাবাড়ী থানাধীন ধোলাইপাড় চত্বর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম তাদের গ্রেফতার করে।
ডিবি-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের মাধ্যমে জানা যায় যে, কয়েকজন মাদক কারবারি ধোলাইপাড় এলাকায় মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ২৩ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ তাদের আটক করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য ৪ লাখ ৭০ হাজার টাকা। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। উদ্ধারকৃত গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যেই তারা নিজেদের হেফাজতে রেখেছিল বলে জানিয়েছে ডিবি।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।